📍 ঢাকা 📅 শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মন্টিয়েলকে পাচ্ছে না আর্জেন্টিনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৪:৪৮ পিএম  (ভিজিটর : )

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এসেছে দুঃসংবাদ। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে আগামী ম্যাচে পাচ্ছে না দলটি।

মেডিকেল পরীক্ষায় চোটটি গুরুতর নয় বলে নিশ্চিত হওয়া গেলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। ফলে গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামবেন না।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। তবে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। তার পরিবর্তে ডানপ্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে দলীয় সূত্র জানিয়েছে, মন্টিয়েলের চোট গুরুতর নয়। শনিবার ও রোববার তিনি হালকা অনুশীলন করতে পারেন এবং পরবর্তী ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করা হচ্ছে।

মন্টিয়েলের বর্তমান চোটটি আগের সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও তিনি চোটে ভুগেছিলেন, তবে সেটি ছিল অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে।

রিভার প্লেটের এই ডিফেন্ডার চোটের কারণে প্রস্তুতির বড় একটি অংশ মিস করেছিলেন এবং কয়েকটি প্রীতি ম্যাচেও খেলতে পারেননি। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা পান তিনি।

২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার জয়সূচক পেনাল্টি করা মন্টিয়েলকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছে দলীয় সূত্র।

আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সপ্তাহে জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝