টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমে মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে বাবুলের ছেলে নেইমার। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা। এরপর একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও নিচে নামেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি।
একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা কূপটির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের ঘাটতির কারণে চারজন অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।