কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিলের চেষ্টার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে যুবলীগের একটি ব্যানার জব্দ করা হয়।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রি কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেন (৫২) নামে একজনকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের কর্মচারী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে ডিগ্রি কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আলতাব হোসেনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারটিতে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সৌজন্যের উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় জড়ো হওয়া ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এসআই/এসআর