১৯৬৬-এর পর ফের শঙ্কা, স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাঁচা-মরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৬:২১ পিএম (ভিজিটর : )

সংগৃহীত ছবি
হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ ম্যাচের আগে এখনো নিশ্চিত হয়নি তাদের নকআউট পর্বের টিকিট।
গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ প্রতিপক্ষ স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে অন্তত হার এড়াতে হবে ভিনিসিয়ুসদের। জিতলে কোনো সমীকরণ ছাড়াই শীর্ষ দুইয়ে থেকে শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে ব্রাজিলের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মরক্কো হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলের পরবর্তী পর্ব নিশ্চিত থাকবে। এমনকি গ্রুপসেরাও হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
ড্র করলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ৫। তখন তাদের ভাগ্য নির্ভর করবে মরক্কো–হাইতি ম্যাচের ফলের ওপর। মরক্কো ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হতে পারে ব্রাজিল। আর মরক্কো জিতলে দ্বিতীয় স্থানে থাকবে তারা।
তবে স্কটল্যান্ডের কাছে হারলে জটিল হয়ে যাবে সমীকরণ। তখন স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬ এবং ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। মরক্কো জিতলে বা ড্র করলে ব্রাজিল নেমে যেতে পারে তৃতীয় স্থানে।
সে ক্ষেত্রে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় শীর্ষ আটে থাকতে পারলেই কেবল পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত হবে।
অন্যদিকে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকেই পরবর্তী পর্বে উঠতে পারে ব্রাজিল।
১৯৬৬ সালের পর এই প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে ব্রাজিল। তাই স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টিএস