চলতি বিশ্বকাপে নতুন এক নিয়মের আওতায় প্রথম লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন।
তুরস্কের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে আলমিরনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলমিরন মুখ ঢেকে কিছু কথা বলেন, যা রেফারির নজরে আনেন মুলদুর।
এরপর ম্যাচ রেফারি ইভান বার্তন ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনা করেন। দ্রুত রিভিউ শেষে সিদ্ধান্ত হয়, মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে আলমিরনকে।
বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্য প্রতিরোধে বিশ্বকাপের আগে এই নতুন নিয়ম চালু করে ফিফা। সেই নিয়মের আওতায় প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন আলমিরন।
নতুন এই নিয়ম প্রণয়নের পেছনে ছিল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের একটি ঘটনা। বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলেছিলেন। পরে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে এবং সমকামীবিদ্বেষী আচরণের দায়ে তিনি ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পান। ওই ঘটনার পরই মুখ ঢেকে কথা বলার বিষয়টিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফিফা।