📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
যমুনায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : )

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. ইসমাইল (১০) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে মো. ওসমান (৮)। তারা স্থানীয় পৃথক দুটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কয়েকজন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ইসমাইল ও ওসমান পানিতে তলিয়ে যায়। ইসমাইলের জমজ ভাই ইব্রাহিম তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে বাড়িতে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ হওয়ার স্থান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে ইসমাইলের এবং পরে সন্ধ্যা ৭টার দিকে ওসমানের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দীর্ঘ অভিযানের পর নদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জেজে/আরএন

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝