বিশ্বকাপ অভিযানটা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় গ্রুপ ‘সি’-তে কিছুটা চাপে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয়ই এখন সেলেসাওদের প্রধান লক্ষ্য। গ্রুপের শীর্ষে অবস্থান ধরে রাখা এবং পরবর্তী পর্বে যাওয়ার পথ সহজ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিতব্য ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল। তবে চোটের কারণে এখনও দলে ফিরতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ডান পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তিনি এখনও পুনর্বাসনে রয়েছেন।
মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত ছন্দ না পাওয়ায় হাইতির বিপক্ষে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যেতে পারে ম্যাথিউস কুনিয়াকে। তাকে দুই প্রান্ত থেকে সহায়তা করবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।
তরুণ তারকা এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একাদশে জায়গা পাওয়ার দৌড়ে থাকলেও তাদের বেঞ্চ থেকে নামানোর সম্ভাবনাই বেশি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষভাগে তারা আক্রমণভাগে নতুন গতি যোগ করতে পারেন।
মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ব্রুনো গিমারায়েসের সঙ্গে ফাবিনহোকে দেখা যেতে পারে। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই মিডফিল্ডার।
রক্ষণভাগে ভরসা থাকবে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েস জুটির ওপর। দুই ফুলব্যাক হিসেবে খেলতে পারেন দানিলো ও সান্তোস। আর গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার (গোলরক্ষক); দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, সান্তোস; ফাবিনহো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া।