ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় ওভারপাসের ওপর প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে জালকুড়ি ওভারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিকে জালকুড়ি ওভারপাসের ওপর একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু দরজা ভেঙে ওভারপাস থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া তার বাবা-মা, ছোট ভাই এবং সিএনজি চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় জনতা প্রাইভেটকারে থাকা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/আরএন