📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৩০ পিএম  (ভিজিটর : )

বগুড়ার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ও বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বলেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী নাম পরিবর্তনের জন্য বলেছেন। লিখিত চিঠি পরে আসতে পারে। তবে মৌখিক নির্দেশনা পাওয়ার পর আমরা প্রক্রিয়া শুরু করব।

তিনি জানান, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে আবারও গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। আর মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম এবং তার দুই ছেলে মীর শাকরুল আলম ও মীর সাকলাইন আলমের নামের সঙ্গে মিল রেখে এসব নাম রাখা হয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা তৈরি হয় এবং নামকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামের মিল সম্পূর্ণ কাকতালীয়।

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝