📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেত্রকোণায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিটর : )

নেত্রকোণার কেন্দুয়ায় ৪৫০ ফুট (প্রায় ৩০০ হাত) দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমী সমর্থকেরা। শুক্রবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় কয়েক শতাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে এবং হাতে পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রার অগ্রভাগে থাকা সমর্থকেরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিলে অংশ নেন। তাদের স্লোগান, গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পৌর শহরের সড়কগুলো।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শোভাযাত্রাটি কেন্দুয়া জয়হরি স্পাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ৩০০ হাত বা প্রায় ৪৫০ ফুট দীর্ঘ পতাকা বহনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা এ আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে স্থানীয় সমর্থকেরা এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেন। বিশাল আকৃতির পতাকা ও বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে সড়কের পাশে ভিড় করেন শত শত মানুষ।

এইচকে/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝