📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৫১ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৭:৫৩ পিএম  (ভিজিটর : )

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ইতোমধ্যে অনিয়মের অভিযোগে মন্ত্রণালয়ের আটজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং দেশের সম্পদ। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আপনি যত উন্নয়নই করেন, ঘরে ঘরে যদি মাদকাসক্ত সন্তান থাকে, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না। সন্তান যদি পরিবারের জন্য সম্পদ হয়, তাহলে দেশের জন্যও সম্পদ।”

তিনি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এইচআই/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝