দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৪ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬ জন। ফলে ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১ হাজার ৩৯৬ জন।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন।