📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
মরক্কো ম্যাচের হতাশার পর বদলে যাচ্ছে ব্রাজিল একাদশ?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৬:৫২ পিএম  (ভিজিটর : )

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা পেছনে ফেলে হাইতির বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা। এ লক্ষ্যে দলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দলের পারফরম্যান্স আরও উন্নত করতে কিছু পরিবর্তন আনা হবে। তবে কোন কোন পজিশনে পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আনচেলত্তি বলেন- ‘আমরা কিছু পরিবর্তন করব। আমাদের পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম এবং আমরা সেটাই দেখতে চাই।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি মজা করে বলেছিলেন যে দলে চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। পরে অবশ্য তিনি বিষয়টিকে রসিকতা হিসেবেই ব্যাখ্যা করেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া, কাসেমিরোসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। এ কারণে তাদের জায়গা নিয়ে আলোচনা শুরু হলেও প্রথম ম্যাচের ভিত্তিতে কাউকে মূল্যায়ন করতে রাজি নন ব্রাজিল কোচ।

তিনি বলেন- ‘প্রথমার্ধে আমরা প্রত্যাশার অনেক নিচে খেলেছি। ব্রাজিলের জার্সির চাপ হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিল। তবে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। কারণ সেদিন পুরো দলই নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি।’

দলের খেলার ধরন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন আনচেলত্তি। তার মতে, একটি সফল দলের সবচেয়ে বড় শক্তি হলো বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

তিনি বলেন- ‘আমি দলের জন্য কোনো নির্দিষ্ট পরিচয় চাই না। আমি চাই, আমার দল যেন সব পরিস্থিতিতে এবং সব ধরনের ফুটবল খেলতে সক্ষম হয়।’

উল্লেখ্য, গ্রুপ ‘সি’-তে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ম্যাচটিতে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে ব্রাজিল।


টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝