📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
হৃদয়ের লড়াই বৃথা, রুদ্ধশ্বাস ম্যাচে সিরিজ হারল বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৬:২৫ পিএম  (ভিজিটর : )

অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয় পায়নি বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে হেরে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে খুইয়েছে স্বাগতিকরা।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে।

শুরুর দিকে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা। দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তবে সেখান থেকে ইনিংস গড়ে তোলেন ম্যাট রেনশো। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত তৈরি করেন তিনি।

রেনশো ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। টিম ডেভিড করেন ২৬ বলে ৪৫ রান। শেষদিকে জোয়েল ডেভিডসনের সঙ্গে আরও একটি কার্যকর জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন রেনশো।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ দুটি উইকেট নেন। সাকলাইন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও ভালো শুরু পায়। তানজিদ হাসান তামিম ৩০, সাইফ হাসান ৪২ এবং পারভেজ হোসেন ৩৬ রান করে দলকে লড়াইয়ে রাখেন। প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৩ রান।

তবে মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যাওয়ায় চাপে পড়ে স্বাগতিকরা। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারে আসে ১১ রান। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ২৩ রান।

শেষদিকে তাওহীদ হৃদয় লড়াই চালিয়ে গেলেও দলকে জেতাতে পারেননি। ২২ বলে ৩৫ রানের ইনিংস খেলে শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।

শেষ পর্যন্ত ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজও নিশ্চিত করে সফরকারীরা।

হারলেও বড় লক্ষ্য তাড়া করে শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে বাংলাদেশ।


টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝