খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, 'নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের মানের সাথে কোনো ধরনের আপস করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে।'
শুক্রবার সকালে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পিটিআই মোড় এলাকার ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। একইসঙ্গে চলমান নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে কাজের বর্তমান অবস্থা, পরিকল্পনা ও নির্ধারিত সময়সীমা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নির্মাণ কাজের মান নিশ্চিত করতে কঠোর মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
তিনি আরও উল্লেখ করেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন ধারাবাহিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশাসককে আশ্বস্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে।
এসএম/এমএ