📍 ঢাকা 📅 শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নওগাঁয় তিন ডাকাত গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২৪ পিএম  (ভিজিটর : )

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ডাকাতির চেষ্টা চালানোর সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের আরও পাঁচ সহযোগী পালিয়ে যায়।

শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকায় ডাকাতির চেষ্টা চলাকালে স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় ওই তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা আটজন ডাকাত তাকে ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের একজনের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন একটি মোটরসাইকেলে ছিল। তবে অপর দুটি মোটরসাইকেলে থাকা পাঁচ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি জাকারিয়া মণ্ডল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিল। মোটরসাইকেল আরোহীকে আটক করতে পারলে তাকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।”

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পালিয়ে যাওয়া অন্য পাঁচজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেএইচ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝