📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
মার্কিন-ইরান চুক্তি নিয়ে ইসরায়েলের ‘আতঙ্ক’ অযৌক্তিক: ভ্যান্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইসরায়েলের উদ্বেগের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের এই আতঙ্ক আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়। এটি মূলত অবিশ্বাসের জায়গা থেকে এসেছে। অথচ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র আস্থা অর্জন করেছে।’

ভ্যান্স বলেন, জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সব সমস্যার সমাধান বলপ্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। সব সমস্যার সমাধান শুধু হত্যা নয়- মন্তব্য করেন তিনি।

তিনি জানান, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান কোনো ধরনের ছাড় পাবে না। একই সঙ্গে হোয়াইট হাউসে তিনি ইসরায়েলের কয়েকজন উগ্র ডানপন্থী মন্ত্রীর সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের সমর্থনের যথাযথ মূল্যায়ন করছেন না। তবে এ সমালোচনার বাইরে রাখেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।

মার্কিন-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের উদ্বেগের প্রসঙ্গে ভ্যান্স বলেন, দেশটির রাজনৈতিক অঙ্গন ও জনগণের একটি অংশ চুক্তিটি নিয়ে অতিমাত্রায় সংবেদনশীল। ভুল তথ্য ও ভুল বোঝাবুঝির কারণে এই উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বিশেষভাবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, ‘তাদের কাছে আমার প্রশ্ন, বিকল্প প্রস্তাব কী? মাত্র ৯০ লাখ মানুষের একটি দেশ হিসেবে ইসরায়েল প্রতিটি জাতীয় নিরাপত্তা সংকটের সমাধান সামরিক অভিযান বা হত্যাকাণ্ডের মাধ্যমে করতে পারে না।’

ভ্যান্সের ভাষ্য, এই চুক্তি শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য ইতিবাচক হতে পারে। তাঁর দাবি, এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত বন্ধ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করেছি। একই সঙ্গে এমন একটি অবস্থান তৈরি করেছি, যেখানে তেহরান এমন কিছু প্রস্তাব দিচ্ছে, যা কয়েক মাস আগেও কল্পনাতীত ছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, এখন দেখতে হবে ইরান তাদের প্রতিশ্রুতি বাস্তবে কতটা বাস্তবায়ন করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টারও স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আনাদোলু

টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝