📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
পাকিস্তানের ভেতরে আফগান অভিযানের দাবি, নতুন সংঘাতের শঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৫০ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এবং ‘শত্রু গোয়েন্দা নেটওয়ার্কের’ ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব ঘাঁটি আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততারও ইঙ্গিত দিয়েছে কাবুল।

হামলার ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি আফগান কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, সীমিত বিমান সক্ষমতা কিংবা ড্রোন ব্যবহার করে এ অভিযান চালানো হয়ে থাকতে পারে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগানিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।

অন্যদিকে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা।

জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত সংঘর্ষে দুই দেশের শত শত মানুষ নিহত হয়েছে। মার্চে হওয়া যুদ্ধবিরতি চুক্তিও টেকেনি। পাশাপাশি চীনের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ এ ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।


টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝