📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নবীনগরে প্রেমের টানে চীনা যুবক; প্রতারণার আশঙ্কায় উদ্বিগ্ন সুশীল সমাজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:২৭ পিএম  (ভিজিটর : )

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে এক চীনা যুবকের আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর ওই যুবক বাংলাদেশে এসে নবীনগর উপজেলার নীলনগর গ্রামে অবস্থান করছেন বলে প্রচার রয়েছে।

স্থানীয়দের দাবি, বিদেশি ওই যুবককে এক নজর দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। তবে ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে এলাকার সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি ও সচেতন নাগরিক উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে প্রেম, বিয়ে কিংবা ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই কোনো বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা জরুরি। তারা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, ভিসা এবং অবস্থানের বৈধতা যাচাইয়েরও আহ্বান জানান।

তবে এখন পর্যন্ত ওই চীনা যুবকের বিরুদ্ধে কোনো প্রতারণার অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে শুধুমাত্র গুজব বা সন্দেহের ভিত্তিতে কাউকে প্রতারক বা ভণ্ড আখ্যা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য বা অভিযোগ আসেনি।”

এমএস/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝