📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিটর : )

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭ জন ব্যক্তি হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১১ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের চিকিৎসা ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে তিন ও ময়মনসিংহে একজন মারা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ জন রোগী। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬৯ হাজার ৬৮৮ জন।

এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝