📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০২ পিএম আপডেট: ১৭.০৬.২০২৬ ৬:০৩ পিএম  (ভিজিটর : )

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) সংসদে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ জন এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯ জনের ব্যবস্থা রয়েছে। বিপরীতে বর্তমানে ৭৬ হাজার ১১৩ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন। অর্থাৎ, কারাগারগুলোতে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে।

তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় কিছু কারাগারে আবাসনসংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ; সিলেট কেন্দ্রীয় কারাগার-২; ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

মন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে।

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝