📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করবে ডাক বিভাগ: ফকির মাহবুব
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : )

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগের সাফল্য ও সক্ষমতা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সোমবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে মন্ত্রী ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডাক বিভাগ এখন কেবল চিঠি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।

ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, দেশব্যাপী বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক এবং বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন সময়োপযোগী সংস্কার, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুস নাসের খান বলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণ এবং জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। এছাড়াও আধুনিক প্রযুক্তি, অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরনো আইন ও অধ্যাদেশের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এইচআর/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝