📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
দক্ষতাভিত্তিক শিক্ষা-বৈশ্বিক প্রস্তুতি গড়ে তুলতে হবে: ববি হাজ্জাজ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : )

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেছেন, কেবল পাঠ্যজ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, দেশের শিক্ষাখাত বর্তমানে পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে আধুনিক পাঠ্যক্রম, প্রশিক্ষিত শিক্ষক, উন্নত শিক্ষা অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার অপরিহার্য। তিনি মনে করেন, কেমব্রিজের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দেশের শিক্ষা উন্নয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামানিসহ শিক্ষা খাতের বিভিন্ন অংশীজন, নীতিনির্ধারক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেমব্রিজ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সরাসরি শিক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দেশের স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা ও শিল্পখাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ আরও বাড়বে।

রড স্মিথ বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে অসাধারণ সম্ভাবনা ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে। কেমব্রিজের সরাসরি উপস্থিতি সেই সম্ভাবনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অরুণ রাজামানি বলেন, শিক্ষাসংস্কার, আন্তর্জাতিক মানের শিক্ষার চাহিদা এবং বৈশ্বিক কর্মবাজারে প্রবেশের আগ্রহ—এই তিনটি বিষয় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রে পরিণত করছে।

এমআর/এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝