📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিটর : )

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিমভাঙ্গা এলাকায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন পলি (২৮) নামে এক তরুণী। 

বুধবার বিকেল ৪টার দিকে তিনি ওই বাড়িতে যান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত সোহেল (৩২) গোদাগাড়ী উপজেলার মায়াপুর ডিমভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে। পলি একই উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ফেজু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা আত্মীয়তার সূত্রে মামাতো-ফুফাতো ভাই-বোন।

তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে সোহেল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তার গর্ভধারণের ঘটনাও ঘটে এবং পরে সন্তান নষ্ট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আত্মীয়তার কারণে উভয়ের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে এর আগে স্থানীয়ভাবে দুই দফা সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে বুধবার বিকেলে পলি বিয়ের দাবিতে সোহেলের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ অবস্থান করছে।

পলি বলেন, “আমাকে সোহেলের সঙ্গে বিয়ে দিতে হবে। বিয়ের পর সে যেন আমাকে তালাক দিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই।”

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তরুণী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছিল।

আরএইচএফ/এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝