প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
তিনি বলেন, আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের সফরে চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এ সফরে একটি সমঝোতা চুক্তি এবং দুটি ‘এক্সচেঞ্জ অব নোট’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার, অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। যদিও এটি মূলত একটি শুভেচ্ছা সফর, তবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
সরকার আশা করছে, প্রধানমন্ত্রীর এ দুই সফর বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।
টিএস