📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
কুড়িলে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  (ভিজিটর : )

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তিনি একাধারে কলেজছাত্র ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। মাত্র দেড় মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার কুড়িল বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমন মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় একটি চশমার দোকানের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি এলাকায়। তার বাবার নাম মো. টিপু সুলতান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা টিপু সুলতান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাত্র দেড় মাস আগে আমার ছেলে বিয়ে করেছে। এখনো পুত্রবধূকে আনুষ্ঠানিকভাবে বাসায় আনা হয়নি। তার আগেই আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝