📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
২১ জুন মালয়েশিয়া, ২২ জুন চীন পৌঁছাবেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:১৯ এএম  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে আগামী ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে তিনি চীনে যাবেন। চার দিনের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ২১ জুন ঢাকা ত্যাগ করবে। ২২ জুন সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইসকান্দারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বৃহত্তম বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান, এয়ারএশিয়ার চেয়ারম্যান এবং পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

এদিকে ২২ জুন চীনে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের অংশ হিসেবে ২৩ জুন দেশটির ডালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালয়েস জুইঙ্গির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

একই দিন ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিক সূত্র জানায়, ২৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়নস অব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভায় অংশ নেবেন।

সফরের চতুর্থ দিনে, ২৫ জুন, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন তাঁর দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝