খুলনার পাইকগাছায় মাদকবিরোধী যৌথ অভিযানে সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে পৌরসভার শিবসা ঘাটসংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আটক সাকিব গাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সফিকুল গাজীর ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে গাঁজা বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার হওয়া টাকাগুলো তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় সাকিব গাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আরও কয়েকটি স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।
এসএমএএস/এসআর