কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, আসন্ন পহেলা বৈশাখ ও ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের অধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন কুষ্টিয়া ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত তল্লাশি, নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় ১৫টি তেল পাম্পে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া যশোর রিজিয়নের অধীন বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ৩৩টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, টহল ও যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসআই/এসআর