দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের (Bunga Raya Complex) ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
দুই দিনের মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতেই প্রধানমন্ত্রীর চীন সফর শুরু হওয়ার কথা রয়েছে।
এসআর