আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নয়মুল হাসান।
রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব-২ এর অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়। পরবর্তীতে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
এসময় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে র্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
টিএস