হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের ফান্দ্রাইল-শ্রীবাউ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় এক কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফান্দ্রাইল রেললাইন এলাকা থেকে শ্রীবাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়, ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সড়কটি সংস্কার অথবা অন্তত জরুরি ভিত্তিতে সলিং করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা সংসদ সদস্য এস এম ফয়সালের কাছে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কারকাজ শুরু করা জরুরি।
এসএমআর/এসআর