📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকির ভিডিও ভাইরাল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : )

গাজীপুর মহানগরে যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে পুলিশকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) সকালে গাজীপুর মহানগরের বাসন থানার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি পোশাক কারখানার সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।” প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ মিছিলের দিকে এগিয়ে আসার সময় তিনি এ মন্তব্য করেন।

তবে ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সকালে যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, “৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক, স্বার্থক হউক।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এনএএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝