চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যু ঘিরে দায়ের হওয়া মামলার তদন্ত এখন সিআইডির হাতে। আদালতে ওঠা অভিযোগগুলোর সত্যতা এখনও তদন্তাধীন। কিন্তু এরই মধ্যে ঘটনাটি আইনি সীমানা ছাড়িয়ে সমাজে এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একজন নারীর অস্বাভাবিক মৃত্যু, নাকি আমাদের শিক্ষিত, আধুনিক ও পেশাজীবী সমাজের ভেতরে লুকিয়ে থাকা সংকটের এক নির্মম প্রতিচ্ছবি?
দেশে শিক্ষার হার বেড়েছে, বেড়েছে উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত মানুষের সংখ্যা। নারীরাও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষিত, কর্মক্ষেত্রে বেশি সক্রিয় এবং অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী। কিন্তু একই সময়ে পারিবারিক সহিংসতা, মানসিক নির্যাতন, সম্পর্কের টানাপোড়েন এবং নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগও যেন কমছে না। বরং বহু আলোচিত ঘটনার মতো ধীপ্রার মৃত্যুও নতুন করে সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে- শিক্ষা কি কেবল ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি তা মানুষের আচরণ, মূল্যবোধ ও মানবিকতাকেও বদলানোর কথা?
এই বিতর্কের মধ্যেই ধীপ্রার মৃত্যুর ঘটনায় নতুন মোড় আসে, যখন তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন ধীপ্রার স্বামী ডা. রাহমাত রাশিদ সিয়াম, শ্বশুর অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুর রশিদ, শাশুড়ি ডা. সিদ্দিকা সুলতানা এবং সিয়ামের শ্যালক সিমু নাসের-যিনি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ‘ইয়ারকি’-এর সম্পাদক। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালতে দায়ের করা মামলায় অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন, আলামত গোপন এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার অভিযোগ আনা হয়েছে।
মামলার আবেদনে দাবি করা হয়েছে, ধীপ্রা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। সন্তান জন্মের পর তিনি পোস্ট-পার্টাম ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা থেকে তিনি বঞ্চিত হন। এমনকি মৃত্যুর আগে কয়েকদিন তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও মামলার আর্জিতে বলা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে না নেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামলায় আরও বলা হয়েছে, মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হয় এবং দ্রুত দাফন সম্পন্ন করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, ধীপ্রার মৃত্যু ছিল চিকিৎসাজনিত জটিলতার ফল এবং বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের মতে, তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে।
এদিকে মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অ্যাডিশনাল এসপি বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে তদন্ত পরিচালনা করে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফলে এখন সবার দৃষ্টি সিআইডির তদন্তের দিকে।
তবে ধীপ্রার মৃত্যুকে ঘিরে আলোচনা শুধু আদালত বা তদন্ত সংস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের আলোচনায় বারবার উঠে আসছে শিক্ষিত পরিবারে নারীর নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্কের সংকটের বিষয়টি। অনেকের মতে, একজন চিকিৎসক, একজন শিক্ষিত ও প্রতিষ্ঠিত নারী যদি এমন অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা একটি ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে সমাজের অন্য নারীদের অবস্থান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সিআইডির তদন্ত শেষ হলে আইনি সত্য হয়তো সামনে আসবে। কিন্তু এরই মধ্যে ধীপ্রার মৃত্যু সমাজকে যে অস্বস্তিকর প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়েছে, সেগুলোর উত্তর খোঁজার দায়িত্ব কেবল আদালতের নয়, সমাজেরও। তাই আজ অনেকের মনেই একই প্রশ্ন- ধীপ্রার মৃত্যু, নাকি সমাজের আয়নায় এক নির্মম প্রতিচ্ছবি?
টিএস