📍 ঢাকা 📅 রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:১১ এএম  (ভিজিটর : )

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৯ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কামুক্ত রয়েছেন।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের উপকণ্ঠে ট্রেন দুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস।

লন্ডন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং একজন চালক নিহত হয়েছেন। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য কাজ করছেন।”

যুক্তরাজ্য রেলের ইস্ট মিডল্যান্ডস বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে একটি ট্রেন সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই সময়ে করবি শহর থেকেও আরেকটি ট্রেন একই গন্তব্যে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি ত্রুটির কারণে ট্রেন দুটি একই লাইনে চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় আহত যাত্রী পিটার ন্যাপ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “হঠাৎ আমি আসন থেকে ছিটকে পড়ি এবং সামনে ধোঁয়া দেখতে পাই। চারপাশে মানুষ কাঁদছিল, চিৎকার করছিল। সবাই খুব আতঙ্কিত ও বিভ্রান্ত ছিল।”

তিনি আরও বলেন, “উঠে দেখি অনেকের হাত-পা ভেঙে গেছে। কেউ কেউ কথা বলার অবস্থাতেও ছিলেন না।”

পিটার জানান, তিনিও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।

সূত্র: এপি

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝