📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সরকার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে: শফিকুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : )

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করা হলে জনগণ হিমালয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় নেতা-কর্মীদের প্রশাসনিক পদে বসিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ নিয়েছে এবং জনগণের মতামত উপেক্ষা করলে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের মধ্যে উদ্বেগ ও হতাশার চিত্র দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী বক্তব্য দেওয়া হলেও বাস্তবে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল জব্বার। এতে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল, নূরুল ইসলাম সাদ্দাম এবং মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সম্মেলনের শেষে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

এসএস/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝