জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। তার দাবি, বর্তমান সরকার প্রত্যাশিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারেনি।
শুক্রবার (১৯ জুন) বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্র সংস্কার হচ্ছে না বলেই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন- ‘কোনো সরকার যদি দেশের ৭৫ শতাংশ মানুষকে উপেক্ষা করে, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না।’
বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন- ‘এখানে একটি পরিবারের দীর্ঘদিনের প্রভাব ছিল। কিন্তু উন্নয়নের নামে উল্লেখযোগ্য কিছু করা হয়নি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
পরে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।
সফরের শেষে বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এসব ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টিএস