📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি শফিকুল ইসলাম মাসুদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর শ্যামপুর জোনের বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্রকৃত অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতে ব্যাংক থেকে যে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন প্রয়োজন।

সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে দল প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা রাষ্ট্রের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী আপসহীন অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করতে হয় এবং জামায়াতের নেতাকর্মীরা সেই আদর্শ অনুসরণ করে কাজ করছেন।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন এবং যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদিক বিল্লাহ।



টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝