📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য : কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : )

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতেও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় কেসিসি মহানগরীতে ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পরে তিনি শহীদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

এসএমএস/এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝