📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০২ পিএম  (ভিজিটর : )

চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় আল-আমিন মজুমদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন মজুমদার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে যান আল-আমিন। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতালের মর্গে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, তার তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এসএমআই/এসআর

আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝