📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুড়িগ্রামের সঙ্গে ১৪ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৪০ পিএম  (ভিজিটর : )

কুড়িগ্রামের সঙ্গে ১৪ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের দেবীচরণ চড়াইখেলা এলাকায় একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রীসহ তিস্তা-রমনা রুটের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-১৫-৩০৪৫ নম্বরের বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক ফুট স্থানচ্যুত ও বাঁকিয়ে যায়। দুর্ঘটনার পরপরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়। পরে সেখান থেকে দুপুর ১২টার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে রেলপথ বন্ধ হওয়ার পাশাপাশি সড়কেও বালু ছড়িয়ে পড়ায় রাজারহাট-তিস্তা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় চার ঘণ্টা পর সড়ক থেকে বালু সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রেল ও সড়কপথে দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, বালুভর্তি ড্রাম ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে আছে। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। পরে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি রাজারহাট থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কাউনিয়া জিআরপিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রাজারহাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া।

তিস্তা রেলওয়ের সিনিয়র সাব-ইঞ্জিনিয়ার (ওয়ে) বজলুর রশিদ বলেন, “কুড়িগ্রাম থেকে চেইন পুল এনে প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর ড্রাম ট্রাকটি সরানো সম্ভব হয়েছে।”

বামনডাঙ্গা রেলওয়ের সিনিয়র সাব-ইঞ্জিনিয়ার (ওয়ার্কস) মো. ইদ্রিস আলী জানান, ড্রাম ট্রাকের দুর্ঘটনায় রেললাইন বেঁকে যাওয়ায় তা মেরামত করতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে। ট্রাকটি সরিয়ে রেললাইন মেরামতের পরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পিএম/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝