📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
মাদক পাচারচক্রে জড়িত থাকার অভিযোগ, আটক অভিনেত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৩:০৯ পিএম  (ভিজিটর : )

ঘানা থেকে অস্ট্রেলিয়ায় প্রায় ৩২০ কেজি মেথামফেটামিন পাচারের চেষ্টার অভিযোগে ব্রিটিশ অভিনেত্রী এমা হুসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ জুন) সিডনির একটি আদালতে তাকে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।

এমা হুসেন ব্রিটিশ টিভি সিরিজ ‘ইস্টএন্ডার্স’-এর স্পিন-অফ ‘ই২০’ এবং ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জেসন স্ট্যাথাম অভিনীত চলচ্চিত্র ‘হামিংবার্ড’-এ অভিনয় করেছিলেন।

পুলিশ জানায়, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কনটেইনার এক্স-রে স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়। কনটেইনারগুলোতে কাঠকয়লার ব্যাগ থাকার কথা থাকলেও সেগুলোর ভেতরে লুকানো ছিল ৩২০ কেজি মেথামফেটামিন।

জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ২৯৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কনটেইনারে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর গত এপ্রিল থেকে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

তদন্তের অংশ হিসেবে মাদকগুলো সরিয়ে ফেলে কনটেইনারগুলোকে গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পুলিশের অভিযোগ, এমা হুসেন সিডনির একটি গুদামে গিয়ে কনটেইনার খোলার কার্যক্রম তদারকি করেন। পরে কয়েকটি ব্যাগ একটি বাড়িতে নেওয়ার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করা হয়। আদালত এর আগে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আগামী আগস্টে তাকে আবার আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আরও এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে গুদাম ভাড়া নিয়ে মাদক সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স জানিয়েছে, অপরাধী চক্রগুলো মাদক পাচারে কাঠকয়লার মতো সাধারণ পণ্য ব্যবহার করলেও তা শনাক্ত করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা।

টিএস
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝