অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৬ মে) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতের মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে দুই দেশের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ই-কোম্পানির তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এসএইচএস/এসআর