মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে নিয়ে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালান। এ সময় রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে রাফি আহাম্মদের কাছ থেকে একটি চোরাইকৃত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা কৌশলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ভুক্তভোগীকে নির্জন স্থানে ডেকে নিয়ে মোবাইল ফোনটি ছিনতাই করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এইচআইএল/এসআর