📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম  (ভিজিটর : )

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরপরই তা ব্যক্তিখাতের শিল্পকারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—বিষয়টি এমন নয়। তিনি বলেন, বৈশ্বিক বাজারে রপ্তানির একটি মৃদু ধীরগতি রয়েছে, যা এ ক্ষেত্রে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছে।

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল-ইনটেনসিভ কারখানার দিকে না গিয়ে কম জ্বালানি-নির্ভর (লেস ফুয়েল-ইনটেনসিভ) কারখানা স্থাপনের আহ্বান জানান।

পরে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুটি প্লটে ইতোমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখল-সংক্রান্ত সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে প্রতিটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে তারা বাকি প্লটগুলোও পরিদর্শন করেন।

এসএস/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝