ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ফলবাহী ট্রাকের সংঘর্ষে আট জন আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পদ্মা সেতুর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ফলবাহী ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা আরও পাঁচ থেকে ছয় জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে পুলিশের সহায়তায় উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
এইচআই/এমএ