📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম  (ভিজিটর : )

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার পুরান বাজার এলাকায় তুলা গবেষণা কেন্দ্রের সামনে শতাধিক চালক এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে উভয় লেন বন্ধ করে দিলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে শত শত যানবাহন যানজটে আটকে পড়ে এবং কর্মজীবী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

চালকরা জানান, মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকায় পুলিশ নিয়মিত গাড়ি আটক ও মামলা দিচ্ছে। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবরোধের মাধ্যমে তারা অটোরিকশা চলাচলের অনুমতি দাবি করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, টহল পুলিশের গাড়ি দেখে একটি অটোরিকশা উল্টে গেলে ওই ঘটনাকে কেন্দ্র করে চালকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। সরকারি অনুমতি ছাড়া মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নেই।

শ্রীপুর থানার ওসি মো. নাসির আহমেদ জানান, চালকদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এফএ/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝