ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলায় আগুন লেগে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া আগুন বিকাল সোয়া পাঁচটার দিকে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালায়। সদর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২টি ইউনিট এবং ত্রিশাল থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ মাঈন উদ্দিন জানান, নতুন ভবনের ষষ্ঠ তলায় রোগিদের ব্যবহারের জন্য রাখা কিছু ম্যাট্রেসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর রোগিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোগিদের মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি; তদন্তের মাধ্যমে বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
এসএইচএস/এসআর