যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত রাতে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
যদিও বুধবার দাম সামান্য বেড়েছিল, তবে গত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে নিম্নমুখী ছিল।
সমঝোতা স্মারকে চলমান সংঘাতের অবসান এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ খবরে বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল প্রায় ৮৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হলেও বর্তমানে তা নেমে এসেছে ৭৪ দশমিক ৮০ ডলারে। ফলে কয়েক দিনের ব্যবধানে প্রতি ব্যারেলে প্রায় ১২ ডলার দাম কমেছে।