📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
চোট কাটিয়ে ব্রাজিল শিবিরে ফিরলেন নেইমার
✎ ক্রীড়া ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:২৮ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১০:৫৩ এএম  (ভিজিটর : )

দীর্ঘদিনের চোটের পর অবশেষে ব্রাজিল জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন নেইমার। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে অংশ নেন তিনি। চলতি বিশ্বকাপে এবারই প্রথম তাকে সতীর্থদের সঙ্গে মাঠে দেখা গেল।

অনুশীলনে নেইমারকে রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে দেখা যায়। সাংবাদিকদের উদ্দেশে হাস্যরস করে তিনি বলেন, “আমাকে মিস করেছ?”

প্রাথমিক অনুশীলন শেষে আলাদা হয়ে কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যান ব্রাজিলের এই ফরোয়ার্ড। এর আগে মঙ্গলবার তিনি প্রথমবারের মতো ফিটনেস অনুশীলনে অংশ নেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পান ৩৪ বছর বয়সী নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে দল। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলীয় সূত্রে জানা গেছে, মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের আগে সম্পূর্ণ ফিট করার পরিকল্পনায় আছেন। সে ক্ষেত্রে হাইতি ও স্কটল্যান্ড—দুটি ম্যাচই তিনি মিস করতে পারেন।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটের পর থেকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। সব মিলিয়ে প্রায় ৭০০ দিন ব্রাজিল দলে অনুপস্থিত থাকার পর আবারও তাকে মাঠে দেখা গেল।



আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝